নভেম্বর ২৬,২০২৬, ০১:০৫

অপরিচিত লিংক বা অ্যাপ ইনস্টল করে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারাচ্ছেন অনেকে, আর সেই সুযোগে হ্যাকাররা ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে লাখ লাখ টাকা সরিয়ে নিচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম শাখা এমন বেশ কিছু মামলার তদন্ত করছে।
ভুক্তভোগীদের একজন চট্টগ্রামের এক বেসরকারি ব্যাংককর্মী জানান, ফেসবুকে রিলস দেখার সময় অসাবধানতায় তাঁর ফোনে একটি অ্যাপ ইনস্টল হয়ে যায়। কয়েক দিন পর ফোন নিজে থেকেই আপডেট হতে শুরু করে এবং তাঁর দুটি ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড থেকে প্রায় ৬ লাখ ৪৪ হাজার টাকা উধাও হয়ে যায়। লেনদেনের এসএমএসগুলোও মুছে দেওয়া হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার শামীম হোসেন জানান, গত দুই মাসে তাদের সাইবার ক্রাইম শাখায় আদালত ও থানায় করা মিলিয়ে দুই শতাধিক মামলা এসেছে, যার বেশির ভাগই আর্থিক প্রতারণার। লোভনীয় অফারের এসএমএস বা লিংকে ক্লিক করলেই ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়; পরে গভীর রাতে বা ছুটির দিনে টাকা সরিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, অফিশিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল না করা, অপরিচিত লিংকে ক্লিক না করা, ফোনে টু-ফ্যাক্টর নিরাপত্তা চালু রাখা এবং সন্দেহজনক লেনদেন দেখলে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানানো জরুরি।
ছবি: Raimond Spekking / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)