নভেম্বর ২৬,২০২৬, ০৪:৪০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, শেখ হাসিনার নিজের দেশে ফেরার এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ আদালতে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মত দেন বলে জি ২৪ ঘণ্টা জানিয়েছে।
তসলিমা লিখেছেন, অভিযোগ যত গুরুতরই হোক, ন্যায়বিচার পাওয়ার অধিকার কারও কাছ থেকে কেড়ে নেওয়া যায় না; বিচার হতে হবে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এবং দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকতে হবে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী জবাবদিহি করতে হবে, একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের।
তাঁর যুক্তি, শেখ হাসিনার রাজনীতির সমালোচনা করেও তাঁর দেশে ফেরার অধিকার স্বীকার করা যায়। ‘মানবাধিকার শুধু পছন্দের মানুষের জন্য হলে তা আর মানবাধিকার থাকে না’—মন্তব্য করে তিনি দলের ওপর নিষেধাজ্ঞা আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ এবং নির্বাচনে অংশগ্রহণের শর্ত সবার জন্য সমানভাবে প্রয়োগের কথাও বলেন।
তবে সরকারের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার বলেছেন, শেখ হাসিনা ফিরলে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে এবং কঠোর নজরদারিতেই ফিরতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলিও তাঁর বিমান পাঠানোর অনুরোধের সমালোচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার বলেন, এ নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।
শেখ হাসিনার মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, তিনি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেয়; শেখ হাসিনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।
ছবি: Photo Claude TRUONG-NGOC / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)