নভেম্বর ২৭,২০২৬, ০১:১৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পরমাণু উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন ক্ষেত্রে ও ভিন্ন ভিন্ন লক্ষ্যে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে সিএনএন ও রয়টার্স বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
কেসিএনএর তথ্যমতে, বুধবারের ওই পরিদর্শনে কিম বলেন, দেশের পরমাণু উপাদান উৎপাদন সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে এবং পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা "সম্পূর্ণ অলঙ্ঘনীয়"। তবে স্থাপনাগুলো কোথায়, তা জানানো হয়নি।
কিম দক্ষিণ কোরিয়াকে ইঙ্গিত করে "সবচেয়ে বিপজ্জনক শত্রু রাষ্ট্রের" সঙ্গে সীমান্ত থাকার বাস্তবতাকে এই উদ্যোগের কারণ হিসেবে তুলে ধরেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পরমাণু স্থাপনায় কিমের এটি চতুর্থ প্রকাশ্য সফর।
প্রকাশিত ছবিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো যন্ত্র এবং ছোট আকারের কৌশলগত পরমাণু ওয়ারহেড দেখা গেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। বার্তা সংস্থা এপি বলছে, সম্প্রতি এশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে সাড়া না দেওয়ার কয়েক দিনের মাথায় এই পরিদর্শনের খবর এল।
ডেস্ক রিপোর্ট
ছবি: Alexei Nikolsky, The Presidential Press and Information Office / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)