নভেম্বর ২৬,২০২৬, ০১:০৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা দুর্নীতি মামলায় বড় মোড় এসেছে। বুধবার জেরুজালেমের আদালতের বিচারকেরা তিনটি মামলার মধ্যে সবচেয়ে গুরুতর মামলাটির অভিযোগ প্রত্যাহার এবং আরেকটি মামলা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে। তবে বিচারকেরা স্পষ্ট করেছেন, এটি চূড়ান্ত রায় নয়।
‘কেস ৪০০০’ নামে পরিচিত মামলায় অভিযোগ ছিল, নেতানিয়াহু টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজেকের মালিক শাউল এলোভিচকে ১০০ কোটি শেকেলের বেশি (প্রায় ৩০ কোটি ডলার) মূল্যের নিয়ন্ত্রক সুবিধা দিয়েছিলেন। প্রধান বিচারপতি রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান বলেন, ঘুষের অভিযোগে ‘যথেষ্ট জটিলতা’ রয়েছে এবং প্রমাণ এ অভিযোগ সমর্থন করে কি না, তা নিয়ে ‘গুরুতর সন্দেহ’ আছে।
একটি সংবাদপত্রে অনুকূল প্রচারের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকার প্রচার সীমিত করার অভিযোগ-সংক্রান্ত ‘কেস ২০০০’ নিয়েও আদালত বলেছে, অভিযুক্ত আচরণ আদৌ ফৌজদারি অপরাধ কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আর বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে সিগার ও শ্যাম্পেনসহ উপহার নেওয়ার ‘কেস ১০০০’ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আদালতের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা বলেছেন, তিনি প্রসিকিউশন দলের সঙ্গে আদালতের সব পরামর্শ সতর্কভাবে পর্যালোচনা করবেন; তাঁর মতে, মামলা নিষ্পত্তির পথ কেবল দুটি—রায় অথবা যথাযথ সমঝোতা চুক্তি।
নেতানিয়াহু শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া এ বিচারে তিনি ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড়ান।
ছবি: Avi Ohayon / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)