নভেম্বর ২৬,২০২৬, ০১:০৪

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে ফেরত চেয়ে ঢাকার প্রত্যর্পণ অনুরোধকে দুটি আলাদা বিষয় বলে মন্তব্য করেছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন বলে রয়টার্স জানিয়েছে।
জয়সওয়াল বলেন, ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়া আর প্রত্যর্পণের অনুরোধ এক বিষয় নয়। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির সরকারের মধ্যকার; প্রত্যর্পণের বিষয়টি ভারত আইন অনুযায়ী বিবেচনা করছে।
এর আগে মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, তিনি বিজয় দিবসে দেশে ফিরতে চান এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নভেম্বরের শুরুতে দেশে ফেরার জন্য তিনি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন বলেও খবর প্রকাশিত হয়।
এদিকে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার ফেরার খবর নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। তাঁর ভাষ্য, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে পারেন এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারতকে চিঠি দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা ও তাঁর দল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
ছবি: DelwarHossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)