নভেম্বর ২৫,২০২৬, ০৭:০৫

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা; ফলে মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা, অর্থাৎ প্রায় ৩৬ শতাংশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় মালিক ও শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে একমত হতে পারেনি। মালিকপক্ষ ১৭ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। ঐকমত্য না হওয়ায় বোর্ডের চেয়ারম্যান গোপন ভোটের ব্যবস্থা করেন। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
নতুন কাঠামো অনুযায়ী গ্রেড ৪-এ ১৭ হাজার, গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০, গ্রেড ২-এ ২০ হাজার এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারিত হয়েছে। ওপরের তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিতে ঠিক হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
মজুরি পুনর্নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে আসছিলেন। কয়েকটি শ্রমিক সংগঠন ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষ বলছে, বিশ্ববাজারে প্রতিযোগিতা ও উৎপাদন ব্যয়ের কথা বিবেচনায় রাখতে হবে।
ছবি: Nahid Sultan / Wikimedia Commons (CC BY-SA 4.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)