জানুয়ারি ২৫,২০২৬, ১০:৪৪

মাশরাফি বিন মোর্ত্তজার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় তার সতীর্থদের মনে বেজে উঠেছে বিষাদের সুর। সে দলে আছেন সাবেক, বর্তমান এবং বিদেশি অনেক ক্রিকেটার। লম্বা সময় ধরে একসঙ্গে পথচলা। দীর্ঘ এই পথে মাশরাফি বিন মোর্ত্তজা যতটা না অধিনায়ক, তার চেয়ে অনেক বেশি বড় ভাই, বন্ধু হিসেবে সতীর্থদের পাশে থেকেছেন।
সামগ্রিক অর্থে বাংলাদেশ জাতীয় দলে মাশরাফি একজন অভিভাবকের নাম। কারো কোনো সমস্যা হলেই মাশরাফির কাছে ছুটে গেছেন। সাধ্যমতো চেষ্টা করেছেন মাশরাফিও। নেতার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এমন একজন অভিভাবক।
গত বৃহস্পতিবার ওয়ানডের অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। এমন খবরে ক্রিকেটপাড়ায় বইছে বিষাদের সুর। যেন এখনই শূন্যতা অনুভব করতে শুরু করে দিয়েছেন তারা। মাশরাফিকে নিয়ে ক্রীড়াঙ্গনের সবার কথা লিখেছেন ক্রীড়া প্রতিবেদক রাজিবুল ইসলাম
আমার দেখা সেরা অধিনায়ক মাশরাফি : বাসার
‘যখন আমি অধিনায়ক ছিলো তখনো তার কোনো বিকল্প ছিলো না। আমি চার বছর অধিনায়ক ছিলাম। তারপরে কয়েকটা পালাবদল হয়েছে। একেকজন অধিনায়ক একেক রকম হয়। আমি মনে করি, অধিনায়কের স্বকীয়তা থাকা উচিত। মাশরাফি একরকম অধিনায়ক ছিলো, তার আগে যারা ছিলো তারাও আরেক রকম।
সামনে যিনি আসবেন তিনিও হয়তো তার মতো করবেন। অধিনায়কের যেটা দায়িত্ব দলের সবাইকে নিয়ে খেলা, সবার পাশে থাকা। যেটা মাশরাফি করে এসেছে। আমি নিশ্চিত ও একটা উদাহরণ তৈরি করে গেছে।
পরবর্তীতে যিনি হবেন, এখান থেকে প্রেরণা নিতেই পারেন।’ মাশরাফিকে নিজেদের দেখা সেরা অধিনায়ক বলেই মনে করেন বাশার, ‘মাশরাফি দলের হয়ে সেরাটা দিয়েছে। দলটাকে বদলে দিয়েছে। আমাদের জেতার হার দেখেন, অনেক বেশি।
যখন একটা দলে অনেক তারকা থাকে, তখন সেই দলকে নেতৃত্ব দেয়া সহজ না। তারকা থাকলে খেলাটা সহজ হয়ে যায়, কিন্তু তারকাদের নিয়ে একসঙ্গে খেলাটা কিন্তু কঠিন। মাশরাফি এই কাজটা খুব ভালো মতো করে এসেছিল এতদিন। ও খেলাটা ছাড়ছে না ওর অধিনায়কত্বটা অবশ্যই মিস করবো। অধিনায়ক মাশরাফি আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক।’
একজন অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত : মাসাকাদজা
জিম্বাবুয়ের ক্রিকেটার, দ্বিতীয় বাড়ি বাংলাদেশ। আর তাইতো বাংলাদেশের ক্রিকেটাররা খুবই পরিচিতি জিম্বাবুয়ের ক্রিকেটারদের। একই সূত্রে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার কাছে খুবই পরিচিতি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সোনালি প্রজন্মের বিদায়ের পর তিনি ছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতীক। অনেক স্মৃতি ও রেকর্ড বুকে নিয়ে অবসরে গেছেন। তারপরও ক্রিকেটের সঙ্গেই আছেন।
মাসাকাদজা বলেন, ‘আমার মনে হয় না তার অবসরে যাওয়া উচিত। ব্যক্তি হিসেবে, একজন অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত। সে দারুণ সাফল্য এনে দিয়েছে নেতা হিসেবে। এখনো সে ছেলেদের সাথে যেভাবে খেলছে আরও একটা বড় টুর্নামেন্ট খেলা অস্বাভাবিক কিছু না।
মাশরাফিতে মুগ্ধ জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবেও সে অসাধারণ, এই যেমন গতকাল সে আসলো বল করলো উইকেট তুলে নিলো। আমার মনে হয় সে বাংলাদেশ ক্রিকেটের প্রকৃত টাইগার। আমি মনে করি সে আরও কিছুদিন চালিয়ে যাওয়া সম্ভব। তাকে অবসরের জন্য জোরাজুরি করাটা ঠিক নয়।’
চ্যাম্পিয়ন তুমি : উপুল থারাঙ্গা
মাশরাফি আর থারাঙ্গার মাঝে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তাই ম্যাশের বিদায়ী ম্যাচের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে প্রকাশিত হয় মাশরাফির প্রতি তার ভালোবাসার কথা। থারাঙ্গা লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধু, মাশরাফি বিন মোর্ত্তজা। কী অসাধারণ একজন চ্যাম্পিয়ন তুমি! বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করেছ প্রতিনিয়ত। আশা করি খুব শিগগিরই দেখা হবে আমাদের।’
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)